যুক্তরাষ্ট্রে স্পিকার পদে মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। দেশটির প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই কংগ্রেসম্যানকে স্পিকার পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন ডেমোক্র্যাট সদস্যরা। মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত নিল দলটি।
ভোট শেষে সমর্থনের জন্য দলের সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেফ্রিস লেখেন, ‘আমরা একসঙ্গে সাহসী পরিবর্তন আনব এবং মার্কিন জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব।’
তবে তার নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এ কারণে দলীয় সদস্যদের সমর্থন নিশ্চিত করতে বুধবারের ভোটটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করার উদ্যোগ নেন জেফ্রিস।
নতুন নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট সদস্য তার প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানান। তাদের দাবি, নির্বাচনী প্রচারে দেওয়া সাহসী ও জনমুখী নীতিগত প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এমন নেতৃত্ব প্রয়োজন।
ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড ছিলেন জেফ্রিসের অন্যতম সোচ্চার সমালোচক। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ এবং নির্বাচনী প্রচারের অর্থায়নব্যবস্থায় সংস্কার আনার নিশ্চয়তা না পেলে জেফ্রিসকে ভোট দেবেন না বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লেহি আইনের মতো আইন প্রয়োগে জেফ্রিসকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনী অর্থায়নব্যবস্থার সমস্যার সমাধানেও উদ্যোগ নিতে হবে।
ইসরায়েল ইস্যুতে জেফ্রিসের অবস্থান এবং ইসরায়েলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্র্যাটদের একাংশের মধ্যে সমালোচনা রয়েছে। মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এ সমালোচনার জবাবে মধ্যপ্রাচ্যে ‘বড় ধরনের পরিবর্তন’ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান জানান তিনি।
বুধবারের ভোটে অবশ্য বিপুল সমর্থন পেয়েছেন জেফ্রিস। ডেমোক্র্যাটিক ককাসের ২৫১ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন।
বিরোধিতাকারীদের মধ্যে নতুন নির্বাচিত ছয় ডেমোক্র্যাট সদস্য হলেন নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউই, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস র্যাব।
এক যৌথ বিবৃতিতে তারা জানান, ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচি চালু, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর কঠোর কার্যক্রম বন্ধ, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানো এবং গাজায় গণহত্যা বন্ধের মতো বিষয়ে জেফ্রিসের কাছ থেকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি না পাওয়ায় তারা তার বিরোধিতা করেছেন।
বিবৃতিতে তারা আরও বলেন, দলের ভবিষ্যৎ নেতৃত্বের দিকনির্দেশনা যেন ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে আরও কাজ করা প্রয়োজন।
টেক্সাসের ভবিষ্যৎ কংগ্রেস সদস্য ফ্রেডরিক হেইনসও ওই যৌথ বিবৃতিতে ছিলেন। তবে পরে তিনি জানান, অসুস্থতার কারণে বুধবারের ভোটে অংশ নিতে পারেননি।
এদিকে জেফ্রিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ ডেমোক্র্যাট নেতা। তার মনোনয়ন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন কংগ্রেসে স্পিকার নির্বাচিত হলে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠবেন।
সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিও জেফ্রিসকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার হিসেবে দুই দফায় মোট আট বছর দায়িত্ব পালন করা পেলোসি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ্রিসের হাত ধরে রাখা একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘স্পিকার পদে মনোনীত হাকিম জেফ্রিসকে অভিনন্দন।’
ভোটের ঠিক আগে জেফ্রিস বাইবেলের করিন্থীয় পুস্তক থেকে একটি বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, ‘আমরা বিশ্বাসের মাধ্যমে চলি, দৃষ্টির মাধ্যমে নয়।’
এর আগে ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি পদচ্যুত হওয়ার পর তাকে স্পিকার পদে বসানোর জন্য ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে জেফ্রিসের নাম সামনে এসেছিল। তবে রিপাবলিকানদের সমর্থনে শেষ পর্যন্ত বর্তমান স্পিকার মাইক জনসন দায়িত্ব পান। বুধবারের ভোটের মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজ দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন জেফ্রিস।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে স্পিকার নির্বাচিত হবেন। ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন কংগ্রেস যাত্রা শুরু করলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হওয়ার পথে এগিয়ে থাকবেন জেফ্রিস।

