logo

এবার মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, জরুরি অবতরণ

এনডিটিভি
এনডিটিভি
হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
এবার মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে অগ্নিকাণ্ড। ছবি: এনডিটিভি

ভারতের আকাশপথে শনির দশা কাটছেই না ইন্ডিগো এয়ারলাইনসের। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও একের পর এক বিমান বিভ্রাট লেগেই আছে। ‍এবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১১ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের জেরে বিমানটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

মাঝ আকাশে বিমানে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বিমান ক্রুদের পাশাপাশি অংশ নেন যাত্রীদের একাংশও।

এয়ারলাইনস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্রুসহ সকল যাত্রী নিরাপদ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানে যাত্রীদের বসার আসনের উপর ব্যাগ রাখার যে লাগেজ কম্পার্টমেন্ট থাকে, তার মধ্যে আগুন জ্বলছে।

যাত্রীদের মধ্যে কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। ভেতরে রাখা ব্যাগই চেপে ধরছেন আগুনের উপর। ‘ফায়ার ফায়ার’ বলে চিৎকার করছেন কয়েকজন। কাউকে পানির বোতলের সন্ধান করতে দেখা গেছে।

এর আগে, গত ৭ অক্টোবর বিকেলে বিহারের পাটনা থেকে উত্তর প্রদেশের লখনৌ যাওয়ার পথে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের শিকার হয় ইন্ডিগো একটি ফ্লাইটে। ওই ফ্লাইটে ১১০ যাত্রী ছিলেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিমানের সামনের অংশ ‘নোজ’ ক্ষতিগ্রস্ত হয়। এবং পরিস্থিতি সামলে নির্ধারিত সময়ে আগে গন্তব্যে ফ্লাইটি জরুরি অবতরণ করান পাইলট।

গত সেপ্টেম্বরের শেষের দিকে গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ‘টেল স্ট্রাইক’ বা রানওয়ের সঙ্গে বিমানের পেছনের অংশের ধাক্কা লাগার শিকার হয়। বৈরী আবহাওয়ার কারণে এই অস্বাভাবিক অবতরণ ঘটে।

কলকাতা থেকে চেন্নাইগামী ২২৪ যাত্রীসহ ইন্ডিগোর একটি ফ্লাইট ১১ আগস্ট অবতরণের কিছুক্ষণ আগে মাঝ আকাশে বাঁ দিকের ইঞ্জিন বিকল হওয়ার কথা জানান পাইলট। চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।