logo

যুক্তরাষ্ট্রে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলায় তিনজন নিহত হয়। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে বেবি শাওয়ার (অনাগত সন্তানের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান) চলাকালে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় একটি অনুষ্ঠানের ভেন্যুতে এ গুলির ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে (স্থানীয় সময়) রিজ রোডের ৫৩০০ ব্লকে অবস্থিত ‘প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যুতে’ গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

Advertisement

পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের মধ্যেই গুলির ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্সের সহযোগী টেলিভিশন চ্যানেল ডব্লিউজেডব্লিউজের (WJW) প্রতিবেদন অনুযায়ী, অনাগত সন্তানের ১৯ বছর বয়সী বাবা এবং ২৯ বছর বয়সী আরেক ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় ১৯ বছর বয়সী ওই তরুণ, শিশুটির মায়ের ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।

এ ছাড়া ৩৯ বছর বয়সী এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

হামলার ঘটনায় ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এখন পর্যন্ত নিহত তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

অনাগত শিশুর আগমন উদ্‌যাপনের মতো পারিবারিক আনন্দঘন অনুষ্ঠানে এমন প্রাণঘাতী সহিংসতার ঘটনায় স্থানীয় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট