logo

ভারতে কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

এনডিটিভি
এনডিটিভি
ভারতে কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
নিহত লক্ষ্মী রবিশঙ্কর পালি ও অভিযুক্ত নাথুলাল পালি। ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে কালাজাদু করার সন্দেহে পুত্রবধূকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ৭২ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। হত্যার পর তিনি বাড়ির পেছনের একটি কুয়ায় ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম লক্ষ্মী রবীশঙ্কর পালি। তার বয়স ৪২ বছর। পুলিশ জানায়, শনিবার কাপড় ধোয়ার সময় শ্বশুর নাথুলাল পালির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নাথুলাল কুঠার দিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাথুলাল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং এ জন্য পুত্রবধূ লক্ষ্মীকে দায়ী করতেন। তার সন্দেহ ছিল, লক্ষ্মী তার ওপর কালাজাদু করেছেন। এমনকি নিজের অসুস্থতার পাশাপাশি ছেলের মৃত্যুর জন্যও তিনি পুত্রবধূকে দায়ী করতেন।

এই অভিযোগকে কেন্দ্র করে দুজনের মধ্যে কয়েক মাস ধরে প্রায়ই ঝগড়া হতো। শনিবারও একই বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে এবং তা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়ায়।

মহারাষ্ট্রের ইয়াশোধরা নগর থানার পুলিশ পরিদর্শক ইউনুস শেখ জানান, নাথুলাল কুয়ায় পড়ে গেছেন—এমন খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার ব্রিগেডের সহায়তায় তাকে কুয়া থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, লক্ষ্মী তার দুই সন্তানকে নিয়ে বাড়ির একটি আলাদা কক্ষে বসবাস করতেন। তার স্বামী তিন বছর আগে মারা যান।

অন্যদিকে নাথুলালের নিজের স্ত্রীর সঙ্গেও পারিবারিক বিরোধ ছিল। তারাও একই বাড়িতে আলাদা কক্ষে থাকতেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় ইয়াশোধরা নগর থানায় হত্যা মামলা করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।