
যুক্তরাষ্ট্রে সঙ্গে সামরিক উত্তেজনা আবারও বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের পিকঅ্যাক্স পর্বত নামে পরিচিত একটি পারমাণবিক স্থাপনা আবারও আলোচনায় এসেছে। কঠিন গ্রানাইট পাথরের এই পবর্তে ‘শিগগিরই’ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোটখাটো বিষয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিরতি দিয়ে দিয়ে ইরানে হামলা চালাচ্ছে।
ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। আমিও এটিকে সামরিক সংঘাত বলি। কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়। এটি বড় কোনো ব্যাপার নয়।’ তার মতে, যুক্তরাষ্ট্র ‘বিরতি দিয়ে দিয়ে হামলা’ চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) পারমাণবিক অস্ত্র পাবে না। আমরা সেটিই করেছি। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না। কারণ, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে আপনারা হয়তো আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না।’
ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগির পিকঅ্যাক্সে হামলা চালাতে পারি। পিকঅ্যাক্সসহ ইরানের বিভিন্ন জায়গায় কারা চলাফেরা করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে।
পিকঅ্যাক্স পর্বত কী?
পিকঅ্যাক্স পর্বত তেহরানের দক্ষিণে থাকা একটি অত্যন্ত সুরক্ষিত ও গভীর ভূগর্ভস্থ স্থাপনা। ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের এই পর্বত অবস্থিত।
এখানে শক্ত গ্রানাইট পাথরের শত শত মিটার নিচে দুটি গভীর টানেল রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমার হামলা থেকেও স্থাপনাটিকে সুরক্ষিত রাখার জন্য এভাবে তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আল-মনিটর জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, ইরান সেখানে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করতে পারে। এটি ইরানের পারমাণবিক কর্মসূচির বিকল্প কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

