logo

জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

আনাদোলু এজেন্সি
আনাদোলু এজেন্সি
জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ
জাভা সাগরে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়। ছবি: আনাদোলু এজেন্সি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। রোববার দেশটির সংবাদমাধ্যম কমপাস এ তথ্য জানিয়েছে।

নিখোঁজ জাহাজটির নাম ভার্গো ট্রান্সপোর্ট ৮। এটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল।

স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সময় অনুযায়ী ওই সময়টি শনিবার ১৮০০ জিএমটির সমান।

বানজারমাসিনের ক্লাস এ সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাদের কাছে জরুরি বার্তা পৌঁছায়। এরপর যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তিনি এক বিবৃতিতে বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জাভা সাগরের ওই এলাকায় জাহাজটি খারাপ আবহাওয়ার মুখে পড়েছে। স্থানটি বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল বা ৯২ মাইল দূরে।

জাহাজটিতে মোট ২৪৩ জন ছিলেন। তাদের মধ্যে ৩০ জন ক্রু সদস্য এবং বাকিরা যাত্রী।

খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটির অবস্থান শনাক্ত করে যাত্রী ও ক্রুদের উদ্ধারে অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল।