জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের মরদেহ উদ্ধার

ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নিধি তিওয়ারির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভুসা মোড়ের তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির তথ্যমতে, শনিবার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় নিধিকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিধির স্বপ্ন ছিল অভিনয় ও চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হওয়া। সেই লক্ষ্যেই নিজের পরিচিতি বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করতেন তিনি। মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছিলেন এই তরুণী।
স্বজনদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় নিধি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে নিধির কার সঙ্গে এবং কী বিষয়ে কথা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এটিকে আত্মহত্যা হিসেবে ধরে নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। এরই মধ্যে তার মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।
মোরওয়া থানার ইনচার্জ ড. জ্ঞানেন্দ্র সিং জানান, নিধির পরিবার, বন্ধু-পরিচিত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।
২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জন করেন নিধি। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার লক্ষে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি।
ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে নিধির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। এর মধ্যে ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ। সেগুলোতে নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি।