logo

ভিসা ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ ১৬১ দেশের, জেনে নিন বাংলাদেশিদের নিয়ম

ভিসা ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ ১৬১ দেশের, জেনে নিন বাংলাদেশিদের নিয়ম
সিঙ্গাপুরের ভিসামুক্ত প্রবেশের সুবিধার তালিকায় নেই বাংলাদেশ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশ সিঙ্গাপুর। আধুনিক নগর-পরিকল্পনা, রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশের কারণে দেশটি বর্তমানে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। বিশ্বের প্রায় ১৬১টি দেশের পাসপোর্টধারীদের জন্য পূর্বানুমোদিত ভিসা ছাড়াই সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করার চমৎকার সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর সরকার।

দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটির (আইসিএ) দেওয়া তথ্যানুযায়ী, প্রথাগত উপায়ে কোন কোন দেশের ভিসা লাগবে না, তার তালিকা করেনি কর্তৃপক্ষ। বরং ‘ভিসা বাধ্যতামূলক’ ৩৪ দেশের একটি পৃথক তালিকা প্রণয়ন করেছে সিঙ্গাপুর। বিশ্বের প্রায় ১৯৫টি স্বীকৃত দেশের মধ্যে তালিকাভুক্ত এই ৩৪ দেশ বাদে বাকি দেশের নাগরিকেরা স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের এ সুবিধা পেয়ে থাকেন।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত অধিকাংশ দেশের নাগরিকদের জন্য সিঙ্গাপুরে প্রবেশ বেশ সহজ। এসব দেশের ভ্রমণকারীদের স্বল্পকালীন সফরের ক্ষেত্রে আগাম কোনো ভিসা নিতে হয় না।

তবে এশিয়াসহ বিশ্বের ৩৪ দেশের নাগরিকদের সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই পূর্বানুমোদিত ভিসা সঙ্গে থাকতে হবে। এই ‘ভিসা বাধ্যতামূলক’ দেশের তালিকার মধ্যে বাংলাদেশ। ফলে বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয় এবং ভ্রমণের আগেই ভিসা নেওয়া আবশ্যক।

এ ছাড়াও এশিয়ার তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান।

আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে সোমালিয়া, আলজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, লিবিয়া, মালি, তিউনিসিয়া, মিশর, মরক্কো, নাইজেরিয়া, ইয়েমেন, বেলারুশ, আর্মেনিয়া, কসোভো, মোলডোভা, জর্জিয়া ও ইউক্রেনের নাগরিকদের ক্ষেত্রেও এই কঠোর ভিসা নীতি প্রযোজ্য।

ফ্রি ভিসায় জরুরি নিয়ম

ভিসামুক্ত সুবিধার আওতাভুক্ত দেশের নাগরিকদের ক্ষেত্রেও সিঙ্গাপুরে ঢোকার আগে কয়েকটি শর্ত মানা বাধ্যতামূলক। এর মধ্যে সিঙ্গাপুরে প্রবেশের দিন থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুটি ফাঁকা পৃষ্ঠা থাকা চাই।

পৌঁছানোর তিন দিনের মধ্যে আইসিএর অনলাইন পোর্টালের মাধ্যমে বিনামূল্যে ‘সিঙ্গাপুর আগমন কার্ড’ জমা দিতে হবে। রিটার্ন টিকিট বা পরবর্তী গন্তব্যের নিশ্চিত ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশনের কাগজ এবং ভ্রমণকালীন খরচের জন্য পর্যাপ্ত তহবিল বা অর্থ প্রদর্শনের প্রস্তুতি রাখতে হবে।

৯৬ ঘণ্টার বিশেষ ট্রানজিট সুবিধা

সিঙ্গাপুর কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য ৯৬ ঘণ্টার (৪ দিন) বিশেষ ‘ভিসামুক্ত ট্রানজিট’ সুবিধা দেয়। এটি ভারত, ইউক্রেন, জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) সদস্য দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।

তবে ভারতীয় নাগরিক ও নির্দিষ্ট কিছু চীনা ভ্রমণকারীদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের অন্তত এক মাস মেয়াদি বৈধ ভিসা বা দীর্ঘমেয়াদি কার্ড থাকতে হয়। ট্রানজিট সুবিধার এই নির্দিষ্ট মেয়াদ কোনো অবস্থাতেই বাড়ানোর সুযোগ দেওয়া হয় না।