দিল্লিতে আবারও রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এ সময় কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। বৃষ্টির পূর্বাভাসে দিনের পরবর্তী সময়ে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর (আইএমডি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ করে এই বাঁধভাঙা বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।
আইএমডির প্রতি তিন ঘণ্টা অন্তর বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, পালামে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে ৩.৪ মিমি এবং নজফগড়ে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে ০.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্যান্য বেশিরভাগ পর্যবেক্ষণ কেন্দ্রে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
দুপুর ২টা ১৫ মিনিটে জারি করা স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দুপুর ২টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।
আরেক পূর্বাভাসে বলা হয়, এদিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোতে পারে। এ সময় কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় বেশিরভাগ জায়গায় মাঝারি এবং কিছু কিছু জায়গায় ৫০-১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এর আগে গত ২৫ আগস্ট রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ায় রেড অ্যালার্ট জারি করেছিল ভারতের আবহাওয়া অফিস। সেসময় জলমগ্ন রাস্তা, কোমর-সমান পানি আর ধীরগতির যানবাহনে তীব্র যানজটও দেখা দেয়।

