logo

খুনের মামলা থেকে বাঁচতে এআই দিয়ে মৃত্যুর নাটক সাজালেন আসামি, চিতায় পোড়ালেন ছাগল

এনডিটিভি
এনডিটিভি
খুনের মামলা থেকে বাঁচতে এআই দিয়ে মৃত্যুর নাটক সাজালেন আসামি, চিতায় পোড়ালেন ছাগল
কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অন্ত্যেষ্টিক্রিয়ার একটি এআই-সৃষ্ট ছবি। ছবি: এনডিটিভি

খুনের মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর ভুয়া গল্প সাজিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। নিজের মরদেহের পরিবর্তে চিতায় পোড়ানো হয় একটি মৃত ছাগল। এআই দিয়ে তৈরি ছবি ও জাল নথি ব্যবহার করে সংগ্রহ করেছিলেন মৃত্যুসনদও। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজকুমার রাজভ। ৩৮ বছর বয়সি এই ব্যক্তিকে গত রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উত্তর প্রদেশের মউ জেলার খাগওয়াজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মনসিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় তার ভাই অভিষেক সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তার বন্ধু সম্পূর্ণ রাজভের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটিতে জামিনে ছিলেন রাজকুমার।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার চলাকালে ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর ঘটনা সাজান রাজকুমার। এ জন্য এআইয়ের সাহায্যে চিতায় শায়িত মরদেহের ছবি তৈরি করেন তিনি। পাশাপাশি একটি মৃত ছাগল পুড়িয়ে শেষকৃত্যের দৃশ্যও তৈরি করা হয়। পরে ভুয়া ছবি ও জাল নথিপত্রের সহায়তায় মউ পৌরসভা থেকে মৃত্যুসনদ সংগ্রহ করেন। ওই সনদ আদালতেও জমা দেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা রাজকুমার শেয়ারবাজারে লেনদেন করতেন। বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের দাবি, হত্যা মামলার বিচার থেকে রেহাই পাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া এড়াতেও নিজের মৃত্যুর ভুয়া ঘটনা সাজিয়েছিলেন রাজকুমার। প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রাজকুমারের বিরুদ্ধে জালিয়াতির একটি নতুন মামলা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে চলমান হত্যা মামলার বিচারপ্রক্রিয়াও পুনরায় শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।