অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে—বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেটা জানিয়েছে, বন্ধ হওয়া ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে ৪ লাখ ৬২ হাজার এবং ফেসবুকের অ্যাকাউন্ট আছে ২ লাখ ৯৪ হাজার।
এই ৭ লাখ ৫৪ হাজার অ্যাকাউন্টের বেশিরভাগই বন্ধ করা হয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারি— এই এক মাসে। এই এক মাসে ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে আইন জারি হয় গত বছরের ১০ ডিসেম্বর। আর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ যারা কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে আইন কার্যকর করেছে। মূলত দেশটির শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের উদ্বেগ থেকেই এই আইন করা হয়।
তবে দেশটির সরকারি তথ্য ও একাধিক গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরেও প্রথম তিন মাসে বেশিরভাগ কম বয়সীরা এখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেই। তাই শোনা যাচ্ছে আরও কঠোর ব্যবস্থা নিতে পারে অস্ট্রেলিয়ার সরকার। নতুন আইনে নিয়ম না মানার সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক কারণে কোম্পানি অস্ট্রেলিয়ার এ আইনটির বিরোধী হলেও যে কোনো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা।
গত মার্চে অস্ট্রেলিয়ার সরকার এবং একাধিক বেসরকারি সংস্থার জরিপে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জন কিশোর-কিশোরীর ৮ জনই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছে।
সমীক্ষার ফলাফল প্রকাশের পর আইন না মানার অভিযোগে মেটাসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছিল অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা, তার মধ্যেই অ্যাকাউন্ট বন্ধের এই হিসাব প্রকাশ করল মেটা।
অন্যদিকে, আগামী শুক্রবার (১৪ আগস্ট) মেটা, টিকটক, গুগল ও স্ন্যাপের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্তে সাক্ষ্য দেবে। অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল ব্যবহারে আরও সচেতন হতে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম।
এরই মধ্যে মেটা জানিয়েছে, মেটা জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী কারও হতে পারে কি না, তা শনাক্ত করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে। কোনো অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী ব্যক্তির হতে পারে কি না, তা বোঝার জন্য জন্মদিন উদ্যাপন বা স্কুলের শ্রেণির উল্লেখের মতো তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
মেটা আরও জানিয়েছে, কোনো ব্যক্তির আগের অ্যাকাউন্ট মুছে ফেলা হলে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য বারবার চেষ্টা করার যে সুযোগ ছিল, সেটিও তারা বন্ধ করে দিয়েছে।

