logo

নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, ভারতীয়সহ নিখোঁজ ৪০০

কাঠমান্ডু পোস্টএনডিটিভি
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, ভারতীয়সহ নিখোঁজ ৪০০
তিব্বতের পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের তিব্বতের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোতে কোশি নদীতে হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শতাধিক ভারতীয় নাগরিকসহ প্রায় ৪০০ জন

Advertisement

নিখোঁজ রয়েছেন। আকস্মিক পাহাড়ি ঢলে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানির স্রোতের সঙ্গে বেশ কয়েকটি গ্রাম ভেসে চলে গেছে।

বুধবার (২৬ আগস্ট) পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, রাসুয়া জেলার সীমান্ত চৌকি ও পুলিশ পোস্টে দায়িত্বরত পুলিশের অন্তত ২৬ জন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আর্মড পুলিশ ফোর্সও জানিয়েছে, তাদের সাতজন সদস্য নিখোঁজ হয়েছেন।

দেশটির পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

বন্যায় দেশটির বিদ্যুৎ পরিকাঠামোরও মারাত্মক ক্ষতি হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, রাসুয়াগড়ি, চিলিমে, ত্রিশুলি ৩এ, ত্রিশুলি ৩বি সাবস্টেশন, ত্রিশুলি ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রসহ মোট ছয়টি প্রধান প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যাহত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকে উদ্ধারকাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের মোতায়েন করা হয়েছে।

বন্যার বিপজ্জনক পানির তোড় নিচে ত্রিশুলি নদীর দিকে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আকুল আহ্বান জানিয়ে দেশটির সরকার।

নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, ভারতীয়সহ নিখোঁজ ৪০০