রাশিয়ায় আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

রাশিয়ার ভূখণ্ডে বর্তমানে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে এবং আরও প্রায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, নতুন পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরীয় সেনাদের বাছাই করা হচ্ছে এবং তাদের প্রশিক্ষণ শেষে রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত আগস্টে জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠানো হতে পারে। একই সময়ে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তার আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়া গত জুলাইয়ে ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তবে ওই সহায়তার মধ্যে প্রাণঘাতী অস্ত্র অন্তর্ভুক্ত ছিল না।
এদিকে উত্তর কোরীয় দুই সেনাকে ইউক্রেন দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করার বিষয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। গত সপ্তাহে জেলেনস্কি এ হস্তান্তরের কথা প্রকাশ্যে জানান। পরে সিউল এ তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করে এবং জানায়, বিষয়টি গোপন রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা ছিল।
দক্ষিণ কোরিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এমন একটি বক্তব্যেরও প্রতিবাদ জানায়, যেখানে ওই গোপনীয়তা চুক্তির অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল বলে সিউল দাবি করে।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বেশিরভাগই ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হয়।
এ ছাড়া ইউক্রেন ও স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী, পিয়ংইয়ং রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও মর্টারের গোলা সরবরাহ করেছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান ব্যবস্থা এবং একাধিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থাও রয়েছে।
