logo

কাতারে পোষা বিড়াল খুঁজে দিলে ৩৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদকদোহা, কাতার
কাতারে পোষা বিড়াল খুঁজে দিলে ৩৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা
কাতারে পোষা বিড়াল রেক্স। ছবি: এশিয়া পোস্ট

কাতারে ‘রেক্স’ নামের একটি পোষা বিড়ালকে খুঁজে পেতে ১ লাখ কাতারি রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। বিপুল অঙ্কের এই পুরস্কারের ঘোষণাকে ঘিরে কাতারের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

প্রকাশিত ‘MISSING’ পোস্টার অনুযায়ী, রেক্স একটি পুরুষ ও কমলা রঙের বিড়াল। তার বয়স ১২ থেকে ১৩ বছর এবং চোখের রং হলুদ। গত ২১ মার্চ ২০২৬ কাতারের আল রাইয়ান এলাকার মুরাইখ নর্থের আল ফুরুসিয়া স্ট্রিট থেকে রেক্স নিখোঁজ হয়। সর্বশেষ ওই এলাকাতেই তাকে দেখা গিয়েছিল বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

পাঁচ মাস পর কেন আবার আলোচনায় রেক্স?

রেক্স ২১ মার্চ নিখোঁজ হলেও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তার সন্ধানে প্রকাশিত পোস্টার ও ১ লাখ রিয়াল পুরস্কারের ঘোষণা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে এখনও রেক্সকে খুঁজে পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে এবং তাকে নিরাপদে ফিরে পাওয়ার আশা করা হচ্ছে।

কাতারের জনপ্রিয় The Lovin Doha Show-এর সাম্প্রতিক পর্বেও ‘100k Cat Hunt’ বা ১ লাখ রিয়ালের বিড়াল অনুসন্ধানের বিষয়টি আলোচনায় আসে। এর আগের একটি পর্বে রেক্সকে ১৩ বছর বয়সি কমলা রঙের বিড়াল হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া

রেক্সের নিখোঁজ হওয়ার ঘটনা কাতারের রেডিট কমিউনিটিতেও আলোচনার জন্ম দিয়েছে। কেউ রেক্সের সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেছেন, আবার কেউ কমলা রঙের বিড়াল দেখার কথা জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব মন্তব্যের কোনোটিকেই রেক্স শনাক্ত হওয়ার নিশ্চিত প্রমাণ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

অন্যদিকে, রেক্স মার্চ মাসে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ মাস পর এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণার বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠেছে।