logo

ভারী বৃষ্টিতে প্লাবিত ব্যাংকক, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

এএফপি
এএফপি
ভারী বৃষ্টিতে প্লাবিত ব্যাংকক, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ
মধ্য ব্যাংককের ফেতচাবুরি রোড বরাবর ডুবে যাওয়া গাড়ি। ছবি: ইপিএ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও সড়ক। বন্যার কারণে রোববার সকালে প্রায় ৪ হাজার ৯০০ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার পরিবার। পরিস্থিতি মোকাবিলায় পুরো রাজধানীতে দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যার পানি দ্রুত সরিয়ে নিতে বিভিন্ন এলাকায় কাজ চলছে। তবে রোববার সকালেও শহরের বিস্তৃত খালব্যবস্থায় পানির উচ্চতা ছিল অনেক বেশি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ব্যাংককের কয়েকটি এলাকায় ৩৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সেপ্টেম্বর থাইল্যান্ডের বর্ষাকালে সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস হলেও স্থানীয় বাসিন্দাদের অনেকেই এবারের পরিস্থিতিকে স্বাভাবিকের তুলনায় বেশি ভয়াবহ বলে জানিয়েছেন।

রাজধানীর উপকণ্ঠে প্রেমপ্রচাকর্ন খালের পাশে বসবাসকারী অফিসকর্মী কোসিন নিলসেট বলেন, তাদের বাড়ি প্রায় ৩০ ঘণ্টা পানির নিচে ছিল। ৪৪ বছর বয়সী এই বাসিন্দার দাবি, এবার পানির উচ্চতা ২০১১ সালের ভয়াবহ বন্যার সময়ের চেয়েও বেশি হয়েছে।

পানির উচ্চতা খালের প্রতিরোধক দেয়াল ছাড়িয়ে যাওয়ার পর কোসিন ও তার পরিবারের সদস্যরা ঘরের বিভিন্ন জিনিসপত্র উঁচু জায়গায় তুলে রাখেন। এরপরও বাড়ির নিচতলা পানিতে ভেসে যায়। তবে পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনো সচল রয়েছে বলে জানান তিনি।

ব্যাংককের পূর্বাঞ্চলে বন্যার পানির মধ্যে পথচারীদের প্লাস্টিকের রেইনকোট পরে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও দোকানের পার্কিং এলাকায় হাঁটুসমান পানি জমেছে। অনেকে প্লাস্টিকের পাত্রে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছেন।

রোববারও ব্যাংকক ও আশপাশের প্রদেশগুলোতে বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, শহরের বেশ কয়েকটি সড়ক এখনো পানির নিচে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

শনিবার রাতে তিনি খেহা রোমক্লাও এলাকার একটি স্কুলে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রায় ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

আশ্রয়কেন্দ্রে কেউ করিডোরে খাট ও বেঞ্চে পোষা কুকুর নিয়ে রাত কাটিয়েছেন। আবার কেউ ডেস্ক-চেয়ার সরিয়ে রাখা শ্রেণিকক্ষের মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমিয়েছেন।

বন্যার কারণে সোমবার ব্যাংককের শত শত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন।

এদিকে সপ্তাহান্তে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বাসিন্দাদের ভিড় বেড়ে যাওয়ায় কিছু দোকানের তাক প্রায় খালি হয়ে যায়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনে মজুত না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগের সুযোগ নিয়ে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে সতর্ক করা হয়েছে।

প্রেমপ্রচাকর্ন খালের পাশে আংশিক পানিতে ডুবে থাকা বাড়িতে একাই থাকেন ৫৬ বছর বয়সী থিদারাত সিলসুওয়ান। তিনি জানান, দুই দিন ধরে তাকে টেবিলের ওপর ঘুমাতে হয়েছে।

ঘর পরিষ্কার করা এবং যতটা সম্ভব জিনিসপত্র রক্ষা করার চেষ্টা করায় তিনি আশ্রয়কেন্দ্রে যেতে চাননি। থিদারাত বলেন, তিনি প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু জায়গায় তুলে রাখার চেষ্টা করলেও ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো ভারী বৈদ্যুতিক যন্ত্র সরাতে পারেননি। এগুলো নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করছেন তিনি।

২০১১ সালে থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের বন্যার পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে সেই স্মৃতিও নতুন করে ফিরে এসেছে।

এদিকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।