হরমুজ প্রণালির কাছে ভয়াবহ বিস্ফোরণ, বিধ্বস্ত এলপিজিবাহী জাহাজ

হরমুজ প্রণালির পূর্বদিকে সমুদ্রে নৌমাইনে আঘাতের পর ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচলের চেষ্টা করে। এ সময় সেটি একটি নৌমাইনে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে এ বিষয়ে আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি প্রকাশিত হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে একই ধরনের ঘটনায় একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পরও জাহাজটির কর্তৃপক্ষ সতর্ক হয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা চালায়।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম কঠোরভাবে অব্যাহত রয়েছে। ইরানের নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে কিংবা সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত ও বিপজ্জনক পথে প্রবেশের চেষ্টা করলে অন্য জাহাজগুলোকেও একই ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
তবে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি আইআরজিসি নৌবাহিনী।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনেও আইআরজিসির এই দাবির কথা উঠে এসেছে। তবে বিস্ফোরণের ঘটনা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।


