মণিপুরে আবারও নাগা-কুকি সংঘর্ষ, অগ্নিগর্ভ একাধিক গ্রাম

ভারতের মণিপুরের পাহাড়ি এলাকায় নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা জানান, তামেংলং জেলার লাসান গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের সময় ৩৬ বছর বয়সি বিদ্যুৎকর্মী পাওজাংগাম চংলোই গুলিতে নিহত হন। কুকি পক্ষের অভিযোগ, হামলার পিছনে নাগা গ্রামরক্ষীরা রয়েছে। স্থানীয় গ্রাম কর্তৃপক্ষ ঘটনার তদন্ত এবং মামলা দায়েরের দাবি জানিয়েছে।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই কাংপোকপি জেলার মাকুই খুমান ও মাকুই থানাম্বা নাগা গ্রামে হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সশস্ত্র হামলাকারীরা অন্তত ২৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নোনে-কাংপোকপি-সেনাপতি অঞ্চলের আরও কয়েকটি নাগা বসতিতেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে কাংপোকপিতে কুকি-জো মহিলারা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মার্চের পর থেকে মণিপুরের পাহাড়ি এলাকায় ৮ জন নারীসহ ২৭ জন কুকি-জো নাগরিক নিহত হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত, ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে নিরাপত্তা জোরদারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্মারকলিপি দিয়েছেন তারা।
