logo

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ধ্রুব রাঠি। ছবি: টিভি৯ বাংলা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে দেশটির জনপ্রিয় ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। পুলিশের দেওয়া নির্দেশনা অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) হরিয়ানার গুরুগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি বড় ধরনের রাজনৈতিক বিক্ষোভে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ধ্রুব রাঠি। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগেই গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার’ আবাসিক এলাকায় অবস্থিত ধ্রুব রাঠির বাসভবনে পুলিশের একটি দল উপস্থিত হয়। এ সময় পুলিশ তাকে দিল্লির ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দেয়। তবে পুলিশের এই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর আগে, দিল্লিতে পরিকল্পিত এই বিক্ষোভ ঘিরে নেওয়া সরকারের কড়া নিরাপত্তাব্যবস্থা ও বিধিনিষেধ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। রাজধানীতে মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান পরিস্থিতিকে প্রায় ‘লকডাউন’-এর সঙ্গে তুলনা করেন।

উল্লেখ্য, ভারতে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে এবং দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে গুরুগ্রাম পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য বা পরবর্তীতে তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।