logo

আল-আকসা প্রাঙ্গণে হাজারো ইসরায়েলি নিয়ে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

আল-আকসা প্রাঙ্গণে হাজারো ইসরায়েলি নিয়ে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়ালে ইসরায়েলিদের ভিড়। ছবি: আনাদোলু

ইহুদি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপুর’-কে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যেই মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েকজন মন্ত্রীসহ হাজারো ইসরায়েলিকে নিয়ে উপস্থিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কড়া নিরাপত্তার চাদরে ঘিরে রেখে অধিকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল চত্বরে প্রবেশ করে তারা প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে বহর ও সশস্ত্র নিরাপত্তা বাহিনী নিয়ে বেআইনিভাবে পবিত্র মসজিদ চত্বরে প্রবেশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, হাজারো ইসরায়েলি দখলদার পুরোনো শহরের ঐতিহাসিক ‘ওয়াদি সড়ক’ দিয়ে প্রাঙ্গণে ঢোকেন।

জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে উল্লেখ করা হয়, আল-আকসা মসজিদের অন্যতম প্রধান ও সংবেদনশীল প্রবেশদ্বার ‘দয়ার দরজা’ (বাব আল-রহমা) এলাকায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বানের পর তারা ভেতরে ঢোকেন। যে সময় এই আগ্রাসী ঘটনা ঘটে, তখন বিপুলসংখ্যক ফিলিস্তিনি সাধারণ নাগরিক আল-আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করতে এবং পুরোনো শহরের বাজারে কেনাকাটার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইহুদিদের ‘ইয়োম কিপুর’ উৎসবকে কেন্দ্র করে দখলদারদের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ ও পরিকল্পনা ব্যর্থ করতে আল-আকসা মসজিদে উপস্থিতি বাড়াতে সাধারণ ফিলিস্তিনিদের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

পশ্চিম দেয়াল এলাকাটি ইহুদিদের কাছে পবিত্র হলেও জেরুজালেম ইসলামিক ওয়াকফ প্রশাসন ও জেরুজালেম গভর্নরেট স্পষ্ট জানিয়ে আসছে, এই দেয়াল এবং সংলগ্ন প্রাঙ্গণ ঐতিহ্যগতভাবেই ইসলামিক পবিত্র স্থাপনার অবিচ্ছেদ্য অংশ। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই চত্বর দিনরাত খোলা রেখে প্রতিনিয়ত নিরাপত্তা পরীক্ষা ও তল্লাশির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, যেখানে নিয়মিত বিভিন্ন আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ও ধর্মীয় কার্যক্রম চালানো হয়।

আসন্ন ইয়োম কিপুরকে সামনে রেখে চরমপন্থি ইসরায়েলি গোষ্ঠীগুলো ‘সেলিচোট’ নামক বিশেষ অনুশোচনা প্রার্থনার জন্য সমর্থকদের ‘দয়ার দরজা’র বাইরে জড়ো হওয়ার উসকানিমূলক আহ্বান জানিয়েছিল।

ইহুদিদের এই ছুটির মৌসুম গত ১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর আগামী ২১ সেপ্টেম্বর ‘ইয়োম কিপুর’ বা প্রায়শ্চিত্তের দিন, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সুক্কোত’ (তাঁবুর উৎসব) এবং ৩ অক্টোবর ‘সিমখাত তোরাহ’ পালিত হওয়ার কথা রয়েছে। ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে জোরপূর্বক দখলদারদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।