পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে আরও অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী শিক্ষিকাও রয়েছেন বলে সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করা হয়েছে।
ছাদ ধসের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা বাহিনী (ইএসএফ)। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, পেশোয়ারের রাজধানী পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়ান সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনার পর বেসরকারি স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ছাদ ধসে বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। এরপর উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে শিশু ও স্কুলকর্মীদের সন্ধানে তল্লাশি শুরু করে।
প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনায় নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন। আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহত ব্যক্তিদের, বিশেষ করে শিশুদের জন্য তিনি দোয়া করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এ ছাড়া, স্কুলের ছাদ ধসের ঘটনায় ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান দ্রুত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

