চুরির ভয়ে মাটিতে পুঁতে রাখা সাড়ে ৬ লাখ টাকা খেয়ে ফেলল উইপোকা

এনডিটিভি
চুরির ভয়ে মাটিতে পুঁতে রাখা সাড়ে ৬ লাখ টাকা খেয়ে ফেলল উইপোকা
চুরির ভয়ে মাটিতে পুঁতে রাখা সাড়ে ৬ লাখ টাকা খেয়ে ফেলল উইপোকা। ছবি: সংগৃহীত

চোরের হাত থেকে টাকা বাঁচাতে গিয়ে বিপাকে পড়েছেন এক কৃষক। চুরি ও পরিবারের বাড়তি খবচের ভয়েই মাটিতে পুঁতে রেখেছিলেন প্রায় সাড়ে ৬ লাখ টাকা। কিন্তু এক বছর পর সেই টাকা তুলতে গিয়ে দেখেন, প্লাস্টিকের ব্যাগ ফুটো করে প্রায় পুরো টাকাই খেয়ে ফেলেছে উইপোকা। পরে ব্যাংকে নষ্ট নোট বদলাতে গিয়েও পাননি কোনো সমাধান।

Advertisement

ভারতের রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদ্রা এলাকার নেওয়াই গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাঙ্গিলাল মেঘওয়াল জানান, বছরখানেক আগে জমি বিক্রি করে ৫ লাখ রুপি (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) পেয়েছিলেন তিনি। চুরি বা পরিবারের অতিরিক্ত খরচের আশঙ্কায় কাউকে না জানিয়ে টাকাগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের ১০ বিঘা জমির এক গর্তে পুঁতে রাখেন। পরে খামারে ঘর তোলার প্রয়োজনে টাকা তুলতে গিয়ে সুনির্দিষ্ট স্থানটি আর মনে করতে পারেননি তিনি।

পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা জমিজুড়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। অবশেষে এক বছর পর বর্ষাকালে জমি থেকে প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার হলে দেখা যায়, ব্যাগ ফেটে ভেতরে পানির প্রবেশ করেছে। এবং উইপোকা ৫০০ টাকার নোটগুলোর বড় অংশ খেয়ে টুকরো টুকরো করে ফেলেছে।

নোট পরিবর্তনের আশায় মাঙ্গিলাল পরিবার নিয়ে প্রথমে পাচপাদ্রা ও পরে বালোত্রার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসপিআই) প্রধান শাখায় গেলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় রিজার্ভ ব্যাংকের নীতি অনুযায়ী ব্যাংক কর্মকর্তারা নোট বিনিময় করতে অস্বীকৃতি জানান।

ব্যাংকে টাকা না রেখে মাটিতে লুকানোর জন্য বর্তমানে মাঙ্গিলালকে দোষারোপ করছেন তার স্ত্রী ও সন্তানেরা। তাদের মতে, এই সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত পরিবারটির কষ্টার্জিত সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে।