ইসরায়েলে ইন্টেলের চিপ কারখানায় বিস্ফোরণ

ইসরায়েলে মার্কিন বহুজাতিক প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেল করপোরেশনের একটি চিপ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাতে অবস্থিত ইন্টেলের চিপ উৎপাদনকেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। বিপজ্জনক রাসায়নিক পদার্থের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১২ মিনিটে দমকলকর্মীদের ঘটনাটি সম্পর্কে জানানো হয়। আগুন নেভানো, তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা এবং রাসায়নিক ছড়িয়ে পড়ার ঝুঁকি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দল এবং বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের পাঠানো হয়।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড (এনএফ৩) গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি একটি বিপজ্জনক গ্যাস, যা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে এর সঠিক কারণ এখনো নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ।
ইন্টেল এখনো এ ঘটনা বা এর ফলে উৎপাদন কার্যক্রম কতটা ব্যাহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কিরিয়াত গাতের কেন্দ্রটি ইসরায়েলে ইন্টেলের অন্যতম প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্র। এখানে মাইক্রোপ্রসেসরসহ বিভিন্ন ধরনের চিপ উৎপাদনকারী ফ্যাব ২৮ প্ল্যান্ট রয়েছে।
