ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাগরিক নিহত

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ১৩ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই হামলা কারা চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২ নভেম্বর সন্ধ্যায় ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে হামলা হয়। হামলার সময় জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। আহত হওয়ার পর জাহাজের এক ক্রু সদস্যের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।
উদ্ধার হওয়া ১৩ নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহত ব্যক্তির মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। উত্তেজনা প্রশমনে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল এবং বাণিজ্য দ্রুত পুনরায় নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে ভারত।
