মার্কিন সেনা বিদায়ে ইরাকে ৪ দিনের ছুটি

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তির প্রেক্ষাপটে চার দিনের দীর্ঘ সরকারি ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার। ঐতিহাসিক এই অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উদযাপন উপলক্ষে দেশটির মন্ত্রিসভা বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু করে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এই ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য বিশেষ নির্দেশনা দেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষকে এ সংক্রান্ত কর্মসূচি সফল করতে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।
গৃহীত রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ ও ভুক্তভোগীদের স্মরণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইরাকের মানচিত্র কিংবা জাতীয় পতাকার রঙ-সম্বলিত বিশেষ ব্যাজ পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের প্রধান আব্দুল আমির আল-শাম্মারিকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী চলতি ৩০ সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন বাহিনী তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করছে।
তিনি আরও জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ভিক্টোরিয়া বেস’ ইতোমধ্যেই মার্কিন সেনামুক্ত করা হয়েছে। আগামীতে এটিকে বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে রূপান্তর করা হবে।