দীর্ঘ বৈঠকেও সমঝোতা নেই, সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ

ইসরাইলে সম্ভাব্য জোট সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ চার ঘণ্টার বৈঠকেও সরকার গঠন নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনে উভয় পক্ষকে ছাড় দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২২ নভেম্বর) তেল আবিবের কাছে হার্জলিয়ার একটি হোটেলে আইজেনকোটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদল বৈঠকে বসে। এর আগে গত রোববার প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
হার্জলিয়া থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে দুই দলের যৌথ বিবৃতিতে বলা হয়, জোট সরকার গঠন নিয়ে সর্বশেষ দফার আলোচনা শেষ হয়েছে। বৈঠকে দুই পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ নতুন বৈঠক হবে, সে বিষয়ে কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।
সরকার গঠনে ৬১ আসনের সমর্থন প্রয়োজন
ইসরাইলের সাবেক সেনাপ্রধান আইজেনকোটের সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইজেনকোটের নেতৃত্বাধীন ৪৮ সদস্যের জোটকে সরকার গঠন করতে হলে সংসদের অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। এ জন্য কট্টর-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সমর্থন নেওয়া কিংবা লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের মতো বিকল্প বিবেচনায় রয়েছে।
তবে কোন পথে এগোনো হবে, তা নিয়ে আইজেনকোটের জোটের মধ্যেই মতপার্থক্য রয়েছে।
জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। এ ধরনের সরকার হলে দুই নেতার মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগির সুযোগ তৈরি হতে পারে। ইসরাইলের রাজনীতিতে এর আগে এ ধরনের ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা চালু হয়েছিল।
তবে এমন সরকার গঠিত হলে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত আইনি পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে পারে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচারপ্রক্রিয়া চলছে। সমালোচকদের আশঙ্কা, ক্ষমতায় থাকার মাধ্যমে তিনি রাজনৈতিক ও আইনি চাপ মোকাবিলায় সুবিধা পেতে পারেন।
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ও আগে ইসরাইলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের বিষয়টিও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে।
আইজেনকোট অবশ্য নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে অনাগ্রহী। নির্বাচনী প্রচারেও তিনি নেতানিয়াহুর নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন।
আইজেনকোটের মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আবারও জানিয়েছেন, নেতানিয়াহু কিংবা তার জোটের সঙ্গে কোনো অবস্থাতেই সরকার গঠনে যোগ দেবেন না তিনি।
জাতীয় ঐক্যের প্রস্তাবে লিকুদের শর্ত
শনিবার ইয়াশার পার্টি নতুন করে আলোচনায় বসার সিদ্ধান্তকে বৃহত্তর সরকার গঠনের প্রতি আন্তরিক অঙ্গীকার হিসেবে তুলে ধরে। দলটি জানায়, আইজেনকোট তার প্রতিনিধিদের সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনে সম্মতির জন্য লিকুদ পার্টি কয়েকটি শর্ত দিয়েছে।
দলটির অন্যতম দাবি, নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে হবে।
এ ছাড়া আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ইসরাইলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে সমর্থন করে; এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছে লিকুদ।
ইসরাইলের সংসদে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। এসব দল নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধিতা করে আসছে। তবে তাদের সমর্থন ছাড়া সরকার গঠনের সমীকরণ অনেক কঠিন হয়ে উঠতে পারে।
লিকুদ পার্টি কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়েও ঐকমত্য চায়। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার বিভিন্ন ভূখণ্ডে ইসরাইলের নিয়ন্ত্রণ বজায় রাখা।
এ ছাড়া কট্টর-রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিষয়েও সমঝোতা চায় দলটি। ইসরাইলের রাজনীতিতে এটি দীর্ঘদিনের বিতর্কিত ও স্পর্শকাতর ইস্যু।
বিকল্প সরকার গঠনের পরিকল্পনা আইজেনকোটের
শুক্রবার আইজেনকোট সতর্ক করে বলেন, সরকার গঠন নিয়ে আলোচনা অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া হবে না। প্রয়োজনে তিনি সংসদে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দেবেন।
যদিও এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি, তবে তার বক্তব্যে দুই ধাপের একটি রাজনৈতিক কৌশলের ইঙ্গিত পাওয়া গেছে। প্রথমে প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠন এবং পরে সেই সরকারের পরিধি বাড়ানো হতে পারে।
এ ধরনের সরকার গঠিত হলে সংসদে আরব দলগুলোর ১৯ জন আইনপ্রণেতার সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে আইজেনকোটের ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করছেন। এর পরিবর্তে তিনি কট্টর-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে।
সব মিলিয়ে ইসরাইলে সরকার গঠনের আলোচনা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন, নাকি আরব দলগুলোর সমর্থনে বিকল্প সরকার—কোন পথে এগোবেন আইজেনকোট, তা নির্ধারণ করবে দেশটির আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি।



