আবারও অশান্ত অরুণাচল সীমান্ত, হামলায় প্রাণ গেল ভারতীয় সেনার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সংবেদনশীল রাজ্য অরুণাচলের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যটির ভারত-মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণের সময় অতর্কিত হামলায় একজন ভারতীয় সেনা নিহতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েচেন আরও চার সেনা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে অরুণাচলের নামপং এলাকায় নামপং নালার কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে নামপং নালার কাছে আসাম রাইফেলসের ২১ জন সেনা টহল দিচ্ছিলেন। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছিল।
সে সময় সেনাদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে হাবিলদার জাংখোকাই কুকি (৪২) নিহত হন। আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য চিকিৎসকের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। হামলার পর ওই এলাকায় বড়সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএ) এই হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
চাংলাংয়ের পুলিশ সুপার কিরলি পাডু ঘটনার সত্যতা নিশ্চিত করে চাংলাং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং এ সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করতে চাংলাং থানার ওসিকে নির্দেশ দিয়েছি।’
তবে আসাম রাইফেলসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
কয়েক বছর ধরেই অরুণাচল প্রদেশের চাংলাং সীমান্ত এলাকা অশান্ত। গত কয়েক বছরে সেখানে সন্ত্রাসীরা একাধিকবার হামলা চালিয়েছে। তবে এবার সরাসরি সেনা সদসস্যদের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এসব গোষ্ঠী ওই অঞ্চল ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে সক্রিয়।

