logo

রোহিঙ্গা গণহত্যার রায়/মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পতাকা। ছবি: বিবিসি

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। যুগান্তকারী এই রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

Advertisement

তিনি বলেন, এক্ষেত্রে মিয়ানমারের চার্জ ডি'অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে এবং ‘দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ’ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য এই ভয়াবহ অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে ও জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা আজ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

মিলিব্যান্ডে বলেন, আমরা মিয়ানমারের চার্জ ডি'অ্যাফেয়ার্সকেও তলব করছি এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ গ্রহণ করব।

আমরা রোহিঙ্গাদের প্রতি এবং মিয়ানমারের জন্য একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতি আমাদের সমর্থনে অবিচল রয়েছি বলে জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিবিদরা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের ওপর চাপ বাড়ানোর পরপরই এই কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক চূড়ান্ত রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর দায়ে দায়ী করে আইসিজে।

একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণের পদক্ষেপ জানাতে মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দেন।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট