logo

ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৮১

এএফপি
এএফপি
ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৮১
হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার থেকে অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষে বৃহস্পতিবার থেকে অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। দুই সামরিক কর্মকর্তা ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রের তথ্যের ভিত্তিতে এই সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Advertisement

লোহিত সাগর উপকূলের এক সরকারি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বাহিনীর ২৪ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ তাইজ অঞ্চলে আরও ১৫ সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার এক সামরিক কর্মকর্তা।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪২ জন হুতি যোদ্ধাও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। হুতি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের কাছে স্থল অভিযান শুরু করার পাশাপাশি রকেট ও ড্রোন হামলা চালায়।

সরকারের সামরিক সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকার কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হুথিরা। একই সঙ্গে তারা কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ

ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। সৌদি আরব-সমর্থিত সরকারের সঙ্গে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে হুতিরা নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে।

এরফলে জুলাইয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়া সর্বশেষ দেশগুলোর একটি হয়ে ওঠে ইয়েমেন। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথের কারণে ইয়েমেনের সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ।