বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। দেশটি রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের’ পরামর্শ দিয়েছে।

Advertisement

একই সঙ্গে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও বহাল রাখা হয়েছে।

জানা যায়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত ১০ আগস্ট বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে কানাডা সরকার। এতে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে।

বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সতর্কতা আরও কঠোর। সেখানে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ বহাল রয়েছে। এ অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা।

বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে কানাডা সরকারের ওয়েবসাইটে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করার কথাও বলা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার।

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার