জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ: সার্জিও গোর

ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় জম্মু-কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) শ্রীনগরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভারত সংবিধানে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর এটিই প্রথম শীর্ষ কোনো মার্কিন কুটনীতিকের জম্মু-কাশ্মীর সফর। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শ্রীনগর সফরে গিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, জম্মু ও কাশ্মীরে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা বিশেষ ভ্রমণ সতর্কবার্তা বা 'ট্রাভেল অ্যাডভাইজরি' পুনর্বিবেচনা করতে পারে ওয়াশিংটন।
তিনি বলেন, এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি এই প্রথমবারের মতো এখানে সফরে এসেছি। এটি এক অবিশ্বাস্য রকমের সুন্দর জায়গা।
দুপক্ষের এই বৈঠকটিকে অত্যন্ত সৌহার্দপূর্ণ উল্লেখ করে গোর জানান, আঞ্চলিক উন্নয়ন ও সম্পর্কের অগ্রগতির এই বার্তা তিনি ওয়াশিংটন ও নয়াদিল্লির সামনে তুলে ধরবেন।
মার্কিন নাগরিকদের কাশ্মীরে সফরের ক্ষেত্রে বহাল থাকা সতর্কবার্তা শিথিল করার প্রসঙ্গে সার্জিও গোর জানান, আমেরিকা নিয়মিত সময় পর পর তাদের ভ্রমণ নির্দেশিকা পর্যালোচনা করে থাকে। যদিও তিনি তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি, তবে মার্কিন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অঞ্চলটিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে নয়াদিল্লি ও স্থানীয় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভ্রমণ সতর্কমাত্রার স্তর কমিয়ে আনা হলে প্রচুর আমেরিকান কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। পরবর্তীতে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বার্তা দিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে এই বৈঠক আঞ্চলিক অগ্রাধিকারগুলো বুঝতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বেশ সহায়তা করবে।
অন্যদিকে বৈঠকটিকে অত্যন্ত সফল আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জম্মু ও কাশ্মীর কী ধরনের সহযোগিতা ও বিনিয়োগ পেতে পারে, মূলত সেদিকেই দৃষ্টি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা বেশ কিছু অমীমাংসিত বিষয় বা ‘লেগাসি ইস্যু’ সমাধানে দুই পক্ষ একযোগে কাজ করবে বলেও তিনি জানান।
আগামী দিনের কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে ওমর আব্দুল্লাহ আরও যোগ করেন, এ বিষয়ে একদিকে রাষ্ট্রদূত গোর ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলবে, অন্যদিকে নয়াদিল্লিতে ভারত সরকারের সঙ্গেও আমার কথা হবে। তবে আমরা অত্যন্ত আশাবাদী যে, আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জম্মু-কাশ্মীরের মধ্যকার দ্বিপক্ষীয় এনগেজমেন্ট ও সম্পর্ক আরও প্রসারিত ও গভীর হবে।
অন্যদিকে গত ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালনের পর হঠাৎ এ সফর শেষে এমন মন্তব্য বেশ চিন্তার বিষয়। এ ভৌগোলিক বিতর্কিত অঞ্চলকে একতরফা ভারতের অংশ বলে মন্তব্য করা বিতর্কে থাকা বাকি দেশগুলোর মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে অশঙ্কা করেছেন অনেকেই।


