ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থীর মৃত্যু

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় লরির পেছনে একটি গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার বিষয়টি শনিবার (৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলামের পানামবিক্কুন্নু এলাকায় মহাসড়ক-৬৬-তে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা গুরুবায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মহারাষ্ট্রের নিবন্ধিত একটি লরির পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় ওই সড়কে নির্মাণকাজ চলছিল। ফলে যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং ব্যারিকেড বসানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, লরিটি সড়কের ডান পাশে অবৈধভাবে পার্ক করা ছিল। গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং চালক সম্ভবত সামনে থাকা ব্যারিকেড দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেন।
ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত সবাই দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ছয়জনের পরিচয় নিশ্চিত করলেও বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে শিক্ষার্থীদের মরদেহ বের করে ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
