logo

নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে নাভি পিল্লাইয়ের খোঁচা

নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে নাভি পিল্লাইয়ের খোঁচা
ডোনাল্ড ট্রাম্প ও নাভি পিল্লাই। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। পুরস্কার পাওয়ার পরই এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন তিনি।

রসিকতার সুরে ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগ করে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেন নাভি পিল্লাই। এ তথ্য জানায় দ্য ইন্ডিপেনডেন্ট ও বিবিসি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের শেয়ার করা ভিডিও চিত্রে দেখা যায়, জার্মানির নুরেমবার্গ ট্রাইব্যুনালে একটি সম্মেলনে যোগ দেওয়ার সময় ট্রাম্পকে নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেন পিল্লাই।

দর্শকদের করতালির জবাবে তিনি হাসতে হাসতে বলেন, ‘আপনারা যদি আরেকটু বেশি তালি দেন, তাহলে হয়তো আমি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি।’

শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য গত বছর প্রকাশ্যে নানা মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার বদলে পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও গণতন্ত্র অধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। সেবার শান্তিতে নোবেল না পাওয়ায় ট্রাম্প হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন। পরে চলতি বছরের জানুয়ারিতে নিজের নোবেল পদকটি ট্রাম্পের কাছে তুলে দেন মাচাদো।

২০২৬ সালেও ট্রাম্প প্রত্যাশা করেছিলেন তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হবে। গত বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি এমন সব কাজ করেছি যা আগে কেউ করতে পারেনি। আমি কোনও বড়াই করছি না, কেবল বাস্তব সত্য তুলে ধরছি। কোনও প্রেসিডেন্টই সম্ভবত একের পর এক যুদ্ধ থামাননি, অথচ আমি আটটি যুদ্ধ থামিয়েছি।’

শেষ পর্যন্ত নোবেল লরিয়েট হিসেবে ট্রাম্পের সেই সুযোগ আসেনি। এ বছর মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সী আইনজীবী ও বিচারক নাভেনথাম নাভি পিলাই।