উপসাগরে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলে পাইলট সেটি নিয়ে ওই অঞ্চলের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন বলে দাবি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
শনিবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির খুব কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে পাইলট অভিযান বাতিল করে নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেন। তবে বিমানটি ঠিক কোথায় অবতরণ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান।
তবে ইরানের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps claims it targeted and damaged a U.S. F-16 fighter aircraft yesterday, forcing an emergency landing. This is FALSE. ✅ FACT: Iran did not attack a U.S. F-16 fighter aircraft yesterday — at all. All U.S. military fighter jets in the Middle East are safe and accounted for.
— U.S. Central Command (@CENTCOM) November 21, 2026
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। এ নিয়ে তাদের হাতে ধ্বংস হওয়া মার্কিন ড্রোনের সংখ্যা ৫৮টিতে পৌঁছেছে বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত করে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করে। কৌশলগত গুরুত্বপূর্ণ এ জলপথের আকাশসীমা পর্যবেক্ষণের সময় ড্রোনটিতে আঘাত হানা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

