ট্যাংকের নিচে চাপা পড়ে দুই ভারতীয় সেনাসদস্য নিহত

ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় নিয়মিত সামরিক মহড়ার সময় দুর্ঘটনাবশত ট্যাংকের নিচে চাপা পড়ে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ খবর জানিয়েছে।
নিহত দুই সেনাসদস্য হলেন উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা নায়েক মনীশ কুমার এবং বদায়ুঁ জেলার বাসিন্দা নায়েক অঙ্কুশ কুমার। দুর্ঘটনার সময় তারা ট্যাংকের সামনের দিকে অবস্থান করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, মহড়ার সময় একাধিক ট্যাংকের চলাচলে প্রচুর ধুলা উড়ে চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। এতে ট্যাংকচালকের দৃষ্টিসীমা কমে আসে। সামনে অবস্থানরত দুই সেনাসদস্যকে দেখতে না পাওয়ায় চালক অসাবধানতাবশত তাদের ওপর দিয়ে ট্যাংক চালিয়ে দেন।
হিসার পুলিশের একজন মুখপাত্র জানান, শনিবারের নিয়মিত সামরিক মহড়ায় প্রায় ৩২টি ট্যাংক অংশ নিয়েছিল। প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাসদস্যরা মাঠের নির্ধারিত স্থানে অবস্থান করছিলেন। এ সময় ট্যাংকগুলো সারিবদ্ধভাবে চলাচল করছিল। এতে ব্যাপক ধুলা উড়ে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় দুই সেনাসদস্য গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের হিসারের সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) থেকে ছুটিতে যাওয়ার কথা ছিল নায়েক অঙ্কুশ কুমারের। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন।
অন্যদিকে নিহত নায়েক মনীশ কুমারের বাবা রামবীরও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
হিসারের পুলিশ সুপার সিদ্ধান্ত জৈন জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় ভারতের ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩’-এর ১৯৪ ধারার অধীনে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে কোনো ধরনের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় এমন প্রাণঘাতী দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।



