logo

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

এএফপি
এএফপি
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। ছবি: আরব নিউজ

ইউক্রেনে রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ বাহিনী ‘নিরলসভাবে’ হামলা চালিয়ে যাচ্ছে।

নিহতদের একজন কিয়েভে মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ও এর আশপাশে রুশ হামলায় আবাসিক ও শিল্প স্থাপনাসহ অন্তত ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতের হামলায় দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া কিয়েভে রুশ ড্রোন হামলায় একজন পুরুষ নিহত হন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে এক নারী ও ১৬ বছর বয়সি দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিয়েভের প্রশাসন বলেছে, রুশ বাহিনী ড্রোন ব্যবহার করে কিয়েভ অঞ্চলে ‘নিরলসভাবে’ হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ১৬টি স্থাপনার মধ্যে রাজধানীর উপকণ্ঠের ১২টি ব্যক্তিগত বাড়ি, একটি গুদাম এবং একটি উৎপাদন কারখানা রয়েছে।

এদিকে কৃষ্ণসাগরের উপকূলীয় ওদেসা অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ‘ব্যাপক হামলায়’ আরও একজন নিহত হয়েছেন। আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, হামলায় একটি আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র, হোটেল, দোকান এবং শস্য সংরক্ষণের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের জাতিসংঘে দেওয়া বক্তব্যের এক দিন পর এসব হামলা হলো। তিনি জানিয়েছিলেন, মস্কো তার সামরিক অভিযান ‘শেষ পর্যন্ত’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রাম দখল করেছে। মস্কোর দাবি, খ্রিপুনি নামের ছোট ওই গ্রামটি রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।

খারকিভ অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে না। তবে যুদ্ধের শুরু থেকেই অঞ্চলটিতে রুশ হামলা অব্যাহত রয়েছে এবং সেখানে রুশ বাহিনী কিছু এলাকা দখল করেছে।

রুশ সরকার এর আগে একাধিকবার জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকি অংশও দখল করতে চায়।