১৮০ পেরেকসহ পেটে মিলল এক কেজির বেশি স্ক্রু-নাট-চুম্বক

এশিয়া পোস্ট ডেস্ক
১৮০ পেরেকসহ পেটে মিলল এক কেজির বেশি স্ক্রু-নাট-চুম্বক
ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তির পেট থেকে ১৮০টি লোহার পেরেকসহ এক কেজির বেশি ওজনের বিভিন্ন ধাতব বস্তু বের করেছেন চিকিৎসকরা। এসব বস্তুর মধ্যে ছিল কয়েন, স্ক্রু, নাট ও চুম্বকও।

Advertisement

রোববার (১০ আগস্ট) ইউনান ডেইলির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের গ্লোবাল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বারবার বমি ও পেটে ব্যথা নিয়ে ওই ব্যক্তি চিকিৎসার জন্য ইউনান প্রদেশের তৃতীয় গণহাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ধাতব বস্তুর একটি বড় পিণ্ড দেখা যায়। বস্তুগুলো একসঙ্গে জড়ো হয়ে তার পাকস্থলীকে ফুলিয়ে দিয়েছিল এবং নিচের দিকে নামিয়ে দিয়েছিল।

শুক্রবার প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারে চিকিৎসকেরা ওই ব্যক্তির পেট থেকে এক কেজির বেশি ওজনের এসব ধাতব বস্তু বের করেন। এর মধ্যে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা একটি পেরেকও ছিল।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি ও অগ্ন্যাশয় সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক লি ওয়েই জানান, ওই ব্যক্তির পাকস্থলীর বিভিন্ন অংশে আলসার ও ক্ষত দেখা গেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো পেরেক পাকস্থলীর দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়নি এবং অন্ত্রেও প্রবেশ করেনি।

চিকিৎসকরা ধারণা করছেন, চুম্বকগুলোর কারণে পেরেকগুলো একসঙ্গে জড়ো হয়েছিল। এতে কিছু পেরেক চুম্বকের মতো আচরণ করতেও শুরু করে।

অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালটির চিকিৎসকেরা এর আগে পেরেক, তার ও লাইটার গিলে ফেলা রোগীর চিকিৎসা করেছেন। তবে ১৮০টি পেরেক গিলে ফেলার ঘটনা এবারই প্রথম দেখেছেন তারা।

হুবেই ডেইলির অধীন সংবাদমাধ্যম জিমু নিউজকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার দীর্ঘদিনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। তবে কেন তিনি এতগুলো পেরেক গিলে ফেলেছিলেন, তা পরিবারের কেউ জানেন না।

চিকিৎসক লি ওয়েই সতর্ক করে বলেন, গিলে ফেলা ছোট কোনো বস্তু নিজে থেকেই শরীর থেকে বের হয়ে যাবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিশেষ করে ধাতব বা ধারালো বস্তু হলে ঝুঁকি আরও বেশি।

এ ধরনের বস্তু পরিপাকতন্ত্রের সরু অংশে আটকে গিয়ে অভ্যন্তরীণ ক্ষত বা ছিদ্র তৈরি করতে পারে। এর ফলে পেরিটোনাইটিসসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে, যা জীবনহানির কারণও হতে পারে।