সিঙ্গাপুরে ১২ ঘণ্টা ধরে চলবে কিন্ডারগার্টেন স্কুল ও ডে-কেয়ার, পাইলট প্রকল্প শুরু

২০৩০ সালের মধ্যে, সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত সব কিন্ডারগার্টেনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুদের শিক্ষা, খেলাধুলা এবং পরিচর্যাসংবলিত একটি নতুন পূর্ণদিবস (ফুল-ডে) মডেল চালু করা হবে।
২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় জানায় , ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে সব সেন্টারে এটি কার্যকর করার আগে, ২০২৭ সালে দুটি কিন্ডারগার্টেনে এই নতুন মডেলের পাইলট প্রকল্প শুরু করা হবে।
বর্তমানে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় ৫৬টি সেন্টার পরিচালনা করে যেখানে পাঁচ ও ছয় বছর বয়সি কিন্ডারগার্টেন শিশুদের জন্য চার ঘণ্টার প্রোগ্রাম সরবরাহ করা হয়। যেসব অভিভাবকের পূর্ণদিবস সেবার প্রয়োজন হয়, তারা কিন্ডারগার্টেন কেয়ার বেছে নিতে পারেন।
নতুন সমন্বিত মডেল ও কর্মী বাহিনী
নতুন মডেলের অধীনে, শিক্ষা, খেলাধুলা এবং পরিচর্যাকে একটি একক প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে যা কিন্ডারগার্টেনের শিক্ষকদের দ্বারা পরিচালিত হবে।
শিককদের সহায়তা করার জন্য মন্ত্রণালয় প্রোগ্রাম অফিসার নিয়োগ করবে। কর্তপক্ষ জানিয়েছে, শিক্ষকরা মূলত কারিকুলাম পরিচালনার দায়িত্বে থাকবেন এবং প্রোগ্রাম অফিসাররা খাবার গ্রহণ ও দৈনন্দিন রুটিনসহ শিশুদের পরিচর্যা ও তদারকিতে সহায়তা করবেন। উপযুক্ত মনে হলে বিদ্যমান কর্মীদেরও প্রোগ্রাম অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটারি সৈয়দ হারুন আলহাবশি জানান, অভিভাবক ও শিক্ষাবিদদের মতামত এবং প্রাক-প্রাথমিক শিক্ষা খাতের পরিবর্তনশীল চাহিদার ওপর ভিত্তি করে এই পরিবর্তন আনা হয়েছে। এই সমন্বিত মডেল শিক্ষাবিদদের শিশুদের প্রয়োজন ভালোভাবে বুঝতে এবং আরও নির্দিষ্ট সহায়তা প্রদান করতে সাহায্য করবে।
স্কুলের কর্মদিবস ও ছুটির দিনে (সরকারি ছুটি, নির্ধারিত স্কুলের ছুটি এবং সেন্টার বন্ধের দিন ব্যতিরেক) সোমবার থেকে শুক্রবার, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিন্ডারগার্টেনগুলো খোলা থাকবে। যাদের পূর্ণদিবস সেবার প্রয়োজন নেই, তারা সকাল ৭টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অর্ধদিবস (হাফ-ডে) প্রোগ্রাম বেছে নিতে পারবেন।
নতুন মডেলে মাতৃভাষায় খেলাধুলার সুযোগ, কাঠ ও টায়ার ব্যবহার করে আউটডোর প্লে, এবং ছুটির দিনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM), নাটক এবং ভিজ্যুয়াল আর্ট সম্পর্কিত বিশেষ কার্যক্রম যুক্ত করা হবে।
অভিভাবকরা কিন্ডারগার্টেন এবং KCare-এর জন্য আলাদা ফি দেওয়ার পরিবর্তে কিন্ডারগার্টেনে একটি একক ফি প্রদান করবেন।
সর্বজনীন মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের কর্মঘণ্টা
এই পরিবর্তনগুলো আগস্টের 'ন্যাশনাল ডে র্যালি'-তে প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের ঘোষণার ধারাবাহিকতায় এসেছে, যেখানে সরকার ২০৩০ সালের মধ্যে সরকারি সহায়তাপুষ্ট প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস চাইল্ডকেয়ার ফি কমিয়ে মাসে ১৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এটি সব পরিবারের জন্য মানসম্মত ও সাশ্রয়ী প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার অংশ।
শিক্ষকরা স্কুলের ছুটির সময় তাদের সংরক্ষিত ছুটির সুবিধা পাবেন, তবে কিন্ডারগার্টেন খোলা রাখতে তাদের পর্যায়ক্রমে ছুটি নিতে হবে। সৈয়দ হারুন আলহাবশি জানান, শিক্ষাবিদদের কাজের চাপ সামলাতে এবং তাদের পেশাগত উন্নয়ন জোরদার করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা পর্যালোচনা করছে।
