দেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড এড়াতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে ৬ ব্রিটিশ এমপির চিঠি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার আইনি অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন আইনপ্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।
গত ৪ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, সহকর্মী আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তার মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা শেখ হাসিনার জন্য কোনো ধরনের দায়মুক্তি কিংবা আগাম বিচারিক সিদ্ধান্ত দাবি করছেন না। বরং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য।
চিঠিতে ব্রিটিশ সরকারের কাছে চারটি বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা আদায় এবং তাকে আটক করা হলে নির্যাতন, গুম কিংবা সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা।
দ্বিতীয়ত, নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন এবং কার্যকর আইনি প্রতিকার পাওয়ার অধিকার নিশ্চিত করা।
তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগগুলোর স্বাধীন তদন্ত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
চতুর্থত, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধে সব পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনের জন্য কূটনৈতিক সহযোগিতা দেওয়া।
বব ব্ল্যাকম্যানের নিবন্ধে আরও বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।
একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সম্ভাব্য মধ্যস্থতার সময়সূচি কী, তা লিখিতভাবে জানাতে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
রায় ঘোষণার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার যথাযথভাবে নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
অন্যদিকে যুক্তরাজ্য সরকার দীর্ঘদিন ধরেই নীতিগতভাবে সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।


