logo

সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা
সৌদি আরবের পতাকা। ছবি: আরাবিয়ান বিজনেস

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৪ নভেম্বর) হুতিদের ছোড়া ওই দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট ও রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

গত সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে সৌদি আরব ও বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

সূত্র: এএফপি, আরব নিউজ।