আবারও উত্তাল মণিপুর, পুলিশের সঙ্গে কুকি সম্প্রদায়ের সংঘর্ষ

ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ছয় গ্রামবাসী আটকের ঘটনার জের ধরে শনিবার গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মণিপুরের কাংপোকপি জেলা। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কুকি সম্প্রদায়ের মানুষজন।
এ সময় বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল ছুড়লে কয়েকজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাংপোকপির খোলেন এলাকায় অভিযান চালিয়ে যৌথ নিরাপত্তা বাহিনী ছয়জন স্থানীয় গ্রামবাসীকে হেফাজতে নেয়।
এর প্রতিবাদে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে মটবাং এবং তারসংলগ্ন অঞ্চলগুলো। কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের আটক করা হয়েছে এমন অভিযোগে রাস্তায় নামেন কুকি সম্প্রদায়ের বহু মানুষ।
আন্দোলনকারীদের বক্তব্য, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে খোলেনের নিরীহ বাসিন্দাদের তুলে নিয়ে গেছে। অবিলম্বে তাদের ছেড়ে না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তদন্তের স্বার্থে তাদের আটক করা হয়েছে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র কাংপোকপি জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে।