ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত দুই মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে রাশিয়া বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার দূরবর্তী অঞ্চলের জ্বালানি স্থাপনা ও গুদামগুলোতে হামলা চালিয়েছে। দুই পক্ষই একে অপরের নৌযান ও বন্দরকেন্দ্রিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন ব্যবহার করেছে।
জেলেনস্কি বলেন, সম্মুখযুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় রাশিয়া এখন যুদ্ধকে অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, রাশিয়ার কৌশল হলো এমন সব স্থাপনা ধ্বংস করা, যেগুলো যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনের জনগণকে সহায়তা করতে পারে।
তিনি আরও বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের অর্থনীতি ধ্বংস করা এবং দেশটির প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়া।
কনস্টান্টিনিভকা ও ঝিতোমিরে হতাহত
ইউক্রেনের সম্মুখসারির গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কের সিটি কাউন্সিল জানিয়েছে, রুশ বাহিনী বেসামরিক গাড়িতে হামলা চালিয়েছে। প্রায় দেড় ঘণ্টার মধ্যে তিনটি পৃথক ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সিটি কাউন্সিল বলেছে, এগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না; সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ব্যবহৃত গাড়িতে ছিলেন।
কিয়েভের পশ্চিমে অবস্থিত ঝিতোমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেচকো জানান, জভিয়াহেল শহরের একটি মুদি দোকানে রুশ হামলায় দুজন নিহত হয়েছেন। একই হামলায় দুটি পেট্রল স্টেশন এবং বিদেশি বিনিয়োগে পরিচালিত একটি শিল্পপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে জেলেনস্কি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং তাঁর নিজ শহর ক্রিভি রিহে হামলার কথা জানান।
জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেন, জাপোরিঝিয়া শহরসহ কয়েকটি এলাকায় হামলায় দুজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ক্রিভি রিহের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে দুজন নিহত হয়েছেন।
শিল্পকারখানায় হামলার দাবি রাশিয়ার
রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলায় জাপোরিঝিয়া শহরের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপোরিঝস্তাল, দিনিপ্রোর ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্স এবং ক্রিভি রিহের বেশ কয়েকটি শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার মধ্যে নর্দার্ন আয়রন ওর বেনিফিশিয়েশন ওয়ার্কস কমপ্লেক্সও রয়েছে।
তবে রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ওদেসায় প্রায় ৪০ জন আহত
কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় রাতভর শুরু হওয়া হামলা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, এসব হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিযুক্ত প্রশাসনের প্রধান দাবি করেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
মলদোভায় আকাশসীমা বন্ধ
ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী দেশ মলদোভাতেও রুশ ড্রোন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তের কাছে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর দেশটি প্রায় এক ঘণ্টার জন্য জাতীয় আকাশসীমা বন্ধ করে দেয়। একই সময়ে সাতটি সীমান্ত পারাপার কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মলদোভার কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ড্রোন নিয়মিত দেশটির আকাশসীমায় প্রবেশ করছে। এ নিয়ে মস্কোর কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। চলতি সপ্তাহে এমন একটি ঘটনায় জেলেনস্কির নরওয়েগামী বিমান উড্ডয়নও বিলম্বিত হয়েছিল।
ইউক্রেনীয় বন্দরে রুশ হামলা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বন্দরগুলোতে তাদের হামলা অব্যাহত রয়েছে। ওদেসা বন্দরে সামরিক ব্যবহারের জন্য পণ্য বহনকারী একটি কার্গো জাহাজে হামলা চালানোর দাবি করেছে মস্কো।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে চর্নোমোরস্ক বন্দরে দুটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার সামারা অঞ্চলের তোলিয়াত্তিতে অবস্থিত দেশটির অন্যতম বৃহৎ সিনথেটিক রাবার উৎপাদনকারী কারখানায় হামলা চালিয়েছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়।
ইউক্রেনের দাবি, তোলিয়াত্তিকাউচুক কারখানায় উৎপাদিত সিনথেটিক রাবার ও জ্বালানি সংযোজক রুশ ক্ষেপণাস্ত্রের জ্বালানিতে ব্যবহৃত হয়।
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানান, শিল্প স্থাপনাগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি নির্দিষ্ট করেননি।
তোলিয়াত্তি শহরের মেয়র ইলিয়া সুখিখ জানান, হামলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।
