logo

তিন দিনের জন্য ইউক্রেনে হামলা বন্ধের নির্দেশ পুতিনের

এএফপি
এএফপি
তিন দিনের জন্য ইউক্রেনে হামলা বন্ধের নির্দেশ পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতদের কিয়েভ সফরকে সামনে রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

Advertisement

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন রুশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।

এ সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার মস্কো সফর শেষে কিয়েভের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার তারা মস্কোতে পৌঁছেছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

যুক্তরাষ্ট্রের এই দুই প্রতিনিধি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর রোববার কিয়েভে যাওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে নতুন একটি উদ্যোগ এগিয়ে নেওয়ার অংশ হিসেবে তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মার্কিন দূতদের সফরের সময় ইউক্রেনীয় হামলা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছিলেন এবং রাশিয়াকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তবে এই সাময়িক বিরতি পুরো ইউক্রেনজুড়ে যুদ্ধবিরতি নয়। রাশিয়া ও ইউক্রেনের অন্যান্য এলাকায় সামরিক তৎপরতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। ফলে তিন দিনের এই পদক্ষেপকে মূলত মার্কিন দূতদের কূটনৈতিক সফরের সময় সীমিত পরিসরের উত্তেজনা প্রশমনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।