logo

থাইল্যান্ডে চারতলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

থাইল্যান্ডে চারতলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১
অগ্নিনির্বাপক কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিকসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করেন। ছবি: এএফপি

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে চারতলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির পাতং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও ভাড়ায় পরিচালিত আবাসন ছিল।

পাতং এলাকার পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে থাই ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং ভাঙা কাচের আঘাতে আহত ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডে অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে, বিশেষ করে বার ও নৈশক্লাবগুলোতে।

এর আগে গত জুলাইয়ে ব্যাংককের একটি জনাকীর্ণ বারে আগুন ও ধোঁয়ায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

এ ছাড়া ২০০৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট