হুথিদের হামলায় সৌদির বিমানবন্দরগুলোতে নিহতের সংখ্যা ১৯

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে মোট ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন নিহত হয়েছেন রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে, আর দুজন আবহা বিমানবন্দরে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম আল আকবারিয়াকে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
তুর্কি আল-মালিকি বলেন, অক্টোবরের শুরুতে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার শিকার হয়েছে। অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত এ বিমানবন্দরে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এছাড়া দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। অপরদিকে জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হয়েছেন।
এর মধ্যে গত শনিবার হুথিরা সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় চালায়। সেদিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে এর সংখ্যা আরও বেড়ে যায়। বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় ৩৬৪ জন আহত হয়েছেন বলেও জানান তুর্কি আল-মালিকি।