logo

আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ

টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ
বিক্ষোভ থেকে আটকের সময় বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: ইন্ডিয়া ডটকম

চলমান নরেন্দ্র মোদি সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে শিগগিরই ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। দেশটির অভিবাসন ও বিদেশি নাগরিকবিষয়ক আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে তাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাই পুলিশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদন অনুসারে জানা গেছে, বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত সোমবার গামদেবী থানায় অভিযোগ করেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তার অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন ইমরান।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে যোগ দেন অভিনেতা। সেখানে বিক্ষোভকারীরা সিইসির পদত্যাগ দাবি করেন। বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরান খানকে কিছু সময়ের জন্য হেফাজতে নিয়েছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে ইমরান খানকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের একটি অনুলিপি তিনি পেয়েছেন। এ ঘটনায় আরও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

কেন নোটিশ দিল মুম্বাই পুলিশ

পুলিশের ভাষ্য, ইমরান খান ভারতের নাগরিক নন। রাজনৈতিক বিক্ষোভে তার অংশগ্রহণ বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য বিধিবিধানের আওতায় প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট বিদেশি নাগরিক ও অভিবাসন আইনের বিধান অনুযায়ী, বিদেশি নাগরিকদের ভারতে রাজনৈতিক বিক্ষোভ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমরান খানকে বিদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে। মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে তিনি বিদেশি নাগরিকবিষয়ক আইন ও বিধি লঙ্ঘন করেছেন বলে মনে করা হচ্ছে। এ কারণে তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে কী অভিযোগ

ইমরান খানকে আটক ও ভারত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তার অভিযোগ, বিক্ষোভে অংশ নিয়ে ইমরান ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড-সংক্রান্ত বিধি এবং ভিসার শর্ত লঙ্ঘন করেছেন।

সোমাইয়া বলেন, ইমরান খান গত কয়েক দিন ধরে ভারতে অবস্থান করে চরমপন্থা ও গোঁড়ামি প্রদর্শন করছেন, যা ভারতীয়রা মেনে নিতে পারেন না। তিনি আরও বলেন, ইমরান বিদেশি নাগরিক এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোমাইয়া জানান, মুম্বাই বিমানবন্দরে অবস্থিত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অভিবাসন বিভাগেও তিনি অভিযোগ করেছেন।

এফআরআরওতে অভিযোগ পাঠিয়েছে পুলিশ

গামদেবী থানার পুলিশ সোমাইয়ার আবেদনটি এফআরআরওতে পাঠিয়েছে। পুলিশের বক্তব্য, ইমরান খানের ওসিআই কার্ডের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ইমরান খান বিদেশি নাগরিক। ওসিআই-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে। এ কারণে অভিযোগটি এফআরআরওতে পাঠানো হয়েছে।

ওসিআই কার্ডধারীরা ভারতের নাগরিক নন। তবে নির্ধারিত শর্ত সাপেক্ষে তারা আজীবন একাধিকবার ভারতে প্রবেশের ভিসাসহ কিছু বিশেষ সুবিধা পান। শিক্ষা, সম্পত্তি এবং নির্দিষ্ট কিছু পেশাগত কর্মকাণ্ডের ক্ষেত্রেও তারা কিছু সুবিধার অধিকারী।