logo

ইরানের সব পণ্য আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করল ইয়েমেন

আনাদোলু এজেন্সি
আনাদোলু এজেন্সি
ইরানের সব পণ্য আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করল ইয়েমেন
ইরান থেকে সব ধরনের পণ্য আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ছবি: আনাদোলু

ইরান থেকে সব ধরনের পণ্য আমদানি ও সেগুলোর বাজারজাত নিষিদ্ধ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। তিনি ওই কমিটিরও প্রধান।

কমিটি জানিয়েছে, জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ এখতিয়ার অনুযায়ী প্রচলিত আইন ও বিধি মেনে এসব ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে নিষেধাজ্ঞাটি ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। একই সঙ্গে ইরানের কোন কোন পণ্য এর আওতায় পড়বে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত এল। ইয়েমেন সরকার হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এরপর থেকে দেশটিতে সংঘাত চলছে। হুতিদের সমর্থন দিয়ে আসছে ইরান। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন করছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে দীর্ঘ সময় তুলনামূলকভাবে সংঘাত কম ছিল। তবে জুলাই থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই আবারও তীব্র হয়েছে।