logo

যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি

এপি
এপি
নিউইয়র্ক পোস্ট
নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি
মার্কিন জ্বালানি বিভাগের সদর দপ্তর। ছবি: ফক্স নিউজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাভানা রিভার কমপ্লেক্সে অবস্থিত একটি পারমাণবিক গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বাতাসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে আকাশপথ ও রেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মার্কিন জ্বালানি বিভাগের সাভানা রিভার সাইটে অবস্থিত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে আগুন লাগে। রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। গবেষণাগারটি এমন একটি কমপ্লেক্সে অবস্থিত, যেখানে পারমাণবিক অস্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করা হয়।

মার্কিন জ্বালানি বিভাগের বিবৃতি অনুযায়ী, বড় কোনো বিপর্যয় ঘটার আগেই বুধবার রাতে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। সেখানে কোনো ধরনের দূষণ বা তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়নি। বর্তমানে সাইটটিতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

সাভানা রিভার সাইট একটি বিশাল কমপ্লেক্স। সেখানে মার্কিন সরকার একসময় পারমাণবিক অস্ত্রে ব্যবহারের জন্য বিভিন্ন উপাদান, বিশেষ করে ট্রিটিয়াম ও প্লুটোনিয়াম-২৩৯ উৎপাদন করত। গবেষণাগারটি কমপ্লেক্সের উত্তর-পশ্চিম কোণে, সীমানার কাছাকাছি অবস্থিত।

অগ্নিকাণ্ডের পর জরুরি কার্যপ্রণালি চালু করা হয়। উদ্ধার ও প্রতিক্রিয়া কার্যক্রমে সরাসরি যুক্ত নন, এমন কর্মীদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে কাজ বন্ধ করে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে বলা হয়। এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাছাকাছি রেল, জল ও আকাশপথে চলাচলও সীমিত করা হয়।

সেদিন রাত ৯টা ৪৫ মিনিটে তেজস্ক্রিয়তা পরীক্ষায় দূষণের কোনো চিহ্ন না পাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়। সুরক্ষামূলক ব্যবস্থাগুলোও তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এর কারণ ছিল ভূপৃষ্ঠে অপরিশোধিত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ বলে জানা গেছে। এ ঘটনায় একজন কর্মী সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার বাইরে কোনো দূষণ শনাক্ত হয়নি।

১৯৫০-এর দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত সাভানা রিভার কমপ্লেক্সে মূলত মার্কিন পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদন করা হতো। সেখানকার চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার রক্ষণাবেক্ষণে কমপ্লেক্সটি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে কমপ্লেক্সটিতে ট্রিটিয়াম প্রক্রিয়াকরণ ও পুনরায় পূরণের কাজ করা হয়। ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এ ছাড়া কেন্দ্রটিতে পারমাণবিক উপাদান ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতার কাজও পরিচালিত হয়।

মার্কিন সরকার তার পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে এই কমপ্লেক্সে পারমাণবিক যুদ্ধাস্ত্রের জন্য প্লুটোনিয়াম কোর উৎপাদনের একটি কেন্দ্রও তৈরি করছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট