logo

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে: শুভেন্দু অধিকারীর

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে: শুভেন্দু অধিকারীর
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: এবিপি

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সামান্য অসতর্ক হলেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (৮ নভেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্প পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। সেখানে দায়িত্ব পালনরত জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন তিনি। পরে বিএসএফের একটি স্পিডবোটে চড়ে ইছামতি নদী ও সংলগ্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুরবিন দিয়ে তিনি সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে না পড়লেও বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে তার ধারণা। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো স্থান দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

মুখ্যমন্ত্রীর দাবি, বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি। তার ভাষ্য, অনুপ্রবেশকারীদের শনাক্ত করার বিষয়ে প্রশাসনের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে।

এদিকে সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের কাজের স্বীকৃতি দিতে নতুন সম্মাননা চালুর ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী বছর থেকে বিএসএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের জন্য ‘সীমামিত্র সম্মান’ নামে এ পুরস্কার দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত রক্ষায় বিশেষ অবদান রাখা সদস্যদের এ সম্মাননার জন্য নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে কারা পুরস্কার পাবেন, তা নির্ধারণ করবে একটি নির্বাচক কমিটি।