ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জন নিহত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ ১১ জন নিহত হয়েছে। সোমবার ভোরে মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরং জানান, মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বেশ কয়েকটি দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে হেনরি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ ১১ জনের মরদেহ উদ্ধার করে। আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।
তিনি জানান, নিহত শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে।
তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান মোতায়েন করা হলেও আগুনে অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা হেনরি বলেন, ঘরবাড়ি ও দোকানগুলো খুব কাছাকাছি অবস্থানে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতেও দীর্ঘ সময় লেগেছে।
ইন্দোনেশিয়ায় গত ডিসেম্বরে রাজধানী জাকার্তার কেন্দ্রীয় এলাকায় সাততলা একটি অফিস ভবনে আগুন লেগে ২২ জন নিহত হয়েছিলেন। পুলিশ তখন জানিয়েছিল, ভবনের নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলের একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হন।

