ইয়েমেনে সেনাবাহিনীর অভিযান ১৫৪০ হুতি যোদ্ধা হতাহতের দাবি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে হুতি গোষ্ঠীর ১ হাজার ৫৪০ সদস্য নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়। হুতিদের অবস্থান, সামরিক চলাচল, রসদ ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
আল-নাজিলির ভাষ্য অনুযায়ী, দক্ষিণ হারাধ ও উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহিজ, সানা ও সা’দা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তাইজে বিশেষভাবে বেশি অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, হুতিদের সমাবেশ, সামরিক রসদ, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। সেনাবাহিনীর দাবি, অভিযানে ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহত ১ হাজার ৫৪০ হুতি সদস্যের অধিকাংশই তাইজের বিভিন্ন ফ্রন্টের বলে দাবি করা হয়েছে।
সেনাবাহিনী আরও দাবি করেছে, এসব অভিযানের ফলে তাইজে হুতিদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে নতুন করে লড়াই তীব্র হওয়ার সময় এই ঘোষণা এলো। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুতিদের সামরিক চলাচল ও রসদবহরের ওপর যুদ্ধবিমান থেকে ২০টি হামলা চালানো হয়েছে। সানা ও সা’দাতেও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে সরকারি বাহিনী।
এর আগে বুধবার ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছিল, তিনটি ফ্রন্টে হুতি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ৪৬৮টি অভিযান চালানো হয়েছে। সেসময়ও শত শত হুতি সদস্য হতাহত হওয়ার দাবি করা হয়েছিল।
২০২২ সালের যুদ্ধবিরতির পর তুলনামূলক শান্ত পরিস্থিতি তৈরি হলেও জুলাই থেকে ইয়েমেনে আবার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করে। সাম্প্রতিক এই লড়াইকে ওই সময়ের পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
